প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
শিশুদের সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষার ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘একটি শিক্ষিত ও উন্নত জাতি বিনির্মাণ করতে হলে আমাদের সন্তানদের যথাযথভাবে গড়ে তুলতে হবে। দেশের আগামীর পথচলা নির্ভর করে শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ বেড়ে ওঠা ও মানসম্মত শিক্ষার ওপর।’
তিনি বলেন, কোনো শিশুই যেন মূল ধারার উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে না পড়ে, সেদিকে সকলকে বিশেষ নজর রাখতে হবে।
সোমবার নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলডিসি প্রাঙ্গণে ‘অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১৬টি এলডিসি শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ময়মনসিংহ ক্লাস্টার এ সমাবেশের আয়োজন করে।
লোকাল সেন্টার কমিটি (এলসিসি) বিরিশিরি বিডি-৪০২ প্রকল্পের সভাপতি রেভা. স্টিফেন আশীষ রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেপুটি স্পিকার আরও বলেন, এ জনপদের শিশুদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় করতে হবে।
শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিক-সামাজিক মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।